বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ মানুষের আশার প্রতীক বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিনের অন্যায় ও নিপীড়ন থেকে মুক্তির একমাত্র পথ বিএনপি।
মঙ্গলবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ও মাধবপুর ইউনিয়নে দিনব্যাপী উঠান বৈঠক, জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী জসিম উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং বুড়িচং–ব্রাহ্মণপাড়া এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, বিএনপির দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাটসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সুজন