আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সোমবার থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় কাজ শুরু করেছি। জনগণের বক্তব্য শুনব। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি। মাঠের চিত্র বোঝার চেষ্টা করছি। বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পাওয়া যায়।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য মায়া হুরলিমান বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। আমরা ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচনের দিকগুলো, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলাটা অত্যন্ত জরুরি। তিনি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের কাজের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা তা নিয়ে আলোচনা করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য শাহজাহান সাজু, সাংবাদিক মীর মো. শাহীন, শাহাদৎ হোসেন, খন্দকার শফিকুল আলম, মাঈনুদ্দিন রুবেল, চয়ন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় দোভাষী হিসেবে কাজ করছিলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য আবু সালেহ।
বিডি প্রতিদিন/কেএ