গোপালগঞ্জ-২ আসনের প্রত্যেক মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আসনটির বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. কে. এম বাবর।
মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সিও অফিস সংলগ্ন এলাকায় এক নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।
ডা. কে. এম বাবর বলেন, ‘আমি এই মাটির সন্তান ও একজন চিকিৎসক হিসেবে জানি, এখানকার মানুষ কতটা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। আমি সংসদে যেতে পারলে গোপালগঞ্জের প্রত্যেক মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে অবহেলার শিকার না হয়, সেই লক্ষ্যে একটি আধুনিক হেলথ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রেখেছি।’
সভায় বিশেষ অতিথির গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, ‘দীর্ঘদিনের দুঃশাসন ও অধিকারহীনতার অবসান ঘটাতে ডা. কে এম বাবরের বিজয় সুনিশ্চিত করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সভায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই