চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে গণসংযোগ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া জামাল খান, হেমসেন লেইন ও আন্দরকিল্লা এলাকায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রার্থীর সমর্থনে গণসংযোগ পরিচালনা করে। এই সময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং গণতন্ত্র, ভোটাধিকার ও বৈষম্যহীন বাংলাদেশের লক্ষ্য তুলে ধরেন।
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী রামপুর ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন। তিনি বলেন, আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের জন্য পরিবর্তনের অপেক্ষায় আছে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে নগরের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন জিয়া স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে পূর্ব মাদারবাড়ি ও ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রাম-৪ আসনে সিপিবির মনোনীত প্রার্থী মছিউদ্দৌলা ভোটারদের সঙ্গে দেখা করে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে নগরীর ৮ নং শোলকবহর ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি ও দলীয় নীতি তুলে ধরার পাশাপাশি নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাচ্ছেন।
বিডি-প্রতিদিন/সুজন