ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘দল আমাকে শিক্ষা দিয়েছে, দুর্নীতিকে না বলতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে- তাকে পুলিশে ধরিয়ে দেন। আমাকে জিজ্ঞেসও করতে হবে না।’
মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, আমি মানুষের সেবা করতে চাই। কেউ যখন দুর্নীতি করে, তখন আমার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ জনগণের পকেট মেরে তারা দুর্নীতি করে। এই মাটিতে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অনেকে ধর্মের কথা বলে। আমার ধর্ম হচ্ছে, আমি সৎপথে থাকব। আমি আল্লাহকে ভয় পাব। আমি মানুষের সেবা করব। মানুষের পাশে থাকব। তারচেয়ে বড় ধর্ম আমার মনে হয়, জগতে নেই। আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।
উঠান বৈঠকে উপস্থিত জনগণের কাছে ভোট চেয়ে শামা ওবায়েদ বলেন, আমার সঙ্গে আপনাদের নির্বাচনের সম্পর্ক না। আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচন ও রাজনীতির সঙ্গে নেই। সুতরাং আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা একটা ভোট দিলে আমি কাজ করার সুযোগ পাব। আল্লাহ তায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। যেমন আমার বাবা করে গেছেন। তিনি টাকা-পয়সা ও বাড়ি-গাড়ি করেননি।
বিএনপির এই নেত্রী বলেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
বিডি-প্রতিদিন/শআ