ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ আসনের বিপরীতে দুই দিনে সহস্রাধিক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে প্রথম দিন শুক্রবারেই ৫ শতাধিক ফরম বিক্রি হয়। অনেক প্রার্থী ইতোমধ্যে ফরম পূরণ করে জমাও দিয়েছেন। আজ মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন বলে জানিয়েছে বিএনপি।
সংরক্ষিত নারী আসনে কাদের অগ্রাধিকার দেওয়া হবেÑসাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির প্রাক্কালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলন-সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে, যারা সংসদে কথা বলার দক্ষতা রাখেন এবং সমাজে যাদের সুনাম রয়েছে সংরক্ষিত নারী আসনে দল তাদেরই প্রাধান্য দেবে।’ মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, ‘দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডের কাছে আবেদনগুলো পাঠানো হবে। কী পদ্ধতিতে এ বাছাইপ্রক্রিয়া সম্পন্ন হবে, তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্য বাছাই করে, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন। এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল। বাছাই ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ১২ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্ররা ১টি আসন।