ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে তেহরান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম দেশটির অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধিদলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের স্পিকার। বৈঠকে বাংলাদেশের স্পিকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানান। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার প্রতিও বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতবর্ষের পুরোনো বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও পারস্পরিক সুদৃঢ় সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন স্পিকার হাফিজ। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরানের জনগণসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার আশা প্রকাশ করেন, সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে এই ধারা বজায় রাখবে। বৈঠক শেষে হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর আগে খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরান পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই।