স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব।
গতকাল দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি লুৎফর রহমান মিঠু। বিএনপি মহাসচিব আরও বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন। যা অত্যন্ত উদ্বেগজনক। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করে প্রেস ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।