ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে এখন প্রায় ২ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ হাজার মানুষ। যারা এই ভয়াবহ দুর্যোগ থেকে প্রাণে বেঁচে গেছেন, তাদের জীবন এখন আরও চরম সংকটের মুখে। এখনো বহু মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি ডলারের বেশি বলে জানিয়েছে ইউএনডিপি। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৯০০ সামরিক সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
অ্যাসোসিয়েড প্রেসের তথ্য মতে, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হাজারো মানুষ এখন বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে হাজারো মানুষ বসবাস করছেন। সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে। নাসার এক স্যাটেলাইট গবেষণার তথ্য মতে, এই ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার দিক থেকে দেশটির সরকারের প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি দ্রুতই একটি বড় চিকিৎসা সংকটে রূপ নিয়েছে। দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আগামী দিন ও সপ্তাহগুলোতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই দুর্যোগে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, স্বাস্থ্য খাতে বিনিয়োগের ঘাটতি এবং চিকিৎসকদের দেশত্যাগের কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। কারাকাসের হাসপাতাল দেল ওয়েস্তে ড. হোসে গ্রেগরিও হার্নান্দেজের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা বলেন, সবচেয়ে বড় উদ্বেগ এখন সংক্রমণ। দীর্ঘ সময় ধরে দুর্যোগে আটকে থাকা রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে। জটিল আঘাতের পাশাপাশি এখন সংক্রমণ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। প্রসঙ্গত, গত ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে জোড়া ভূমিকম্প। ১২৬ বছর পর এত শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হয়েছে দেশটির মানুষ। -এএফপি