ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি বলেছেন, দখলদার ইসরায়েল গাজায় ৩ হাজার ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা থামায়নি। তারা সেখানে গণহারে মানুষকে হত্যা করেই যাচ্ছে। তার মতে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না।
বারগুতি বলেন, যুদ্ধবিরতি হওয়ার পর তা লঙ্ঘনের ফলে শত শত শিশুসহ ১ হাজার ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে। ফিলিস্তিনের এ প্রভাবশালী নেতা বলেন, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান জরুরি। গাজা যুদ্ধের ১ হাজার দিন : ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার পর তেল আবিবের পাল্টা অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া গাজা যুদ্ধ গতকাল ১ হাজার দিনে পৌঁছেছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকা কার্যত পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটিতে, আর ইসরায়েলে জোরালো হয়েছে নিরাপত্তা ব্যর্থতার তদন্তের দাবি। আলজাজিরা, এএফপি এবং গাজার সরকারি ও স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭৩ হাজার ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন। -আলজাজিরা