যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। ২০২৫ সালের আর্থিক বিবরণে দেখা গেছে, এক বছরে তাঁর আয়ের বড় অংশ এসেছে ডিজিটাল মুদ্রাভিত্তিক
(ক্রিপ্টোকারেন্সি) ব্যবসা থেকে। একই সঙ্গে গলফ ক্লাব, অবকাশ কেন্দ্র, হোটেল এবং আন্তর্জাতিক লাইসেন্সিং ব্যবসা থেকেও তিনি বিপুল আয় করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবরণে ডিজিটাল মুদ্রা-সংক্রান্ত ব্যবসা থেকে ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকেই প্রায় ৮০০ কোটি ডলার আয় হয়েছে। এ ছাড়া তাঁর নামে চালু হওয়া একটি ডিজিটাল মুদ্রা থেকেও এসেছে কয়েক শ কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসাগুলোও আগের মতোই লাভজনক রয়েছে।
ইতিহাসের অন্য মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে তুলনা করলে ট্রাম্পের সম্পদের পরিমাণ অনেক বেশি। মূল্যস্ফীতির সমন্বয় করেও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১০০ কোটি ডলারের কিছু বেশি। আর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সম্পদের মূল্য ছিল কয়েক শ কোটি ডলারের সমপরিমাণ। তুলনায় ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ এখন কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে। -রয়টার্স