জাপানের সঙ্গে প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি গতকাল বলেন, নতুন চুক্তির আওতায় এখন থেকে জাপান এবং ভারত যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করবে। এ ছাড়া আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।
জাপান এবং ভারত উভয়ে ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় উল্লেখ করে মোদি আরও বলেন, ইন্দো-প্রশান্ত অঞ্চল নিয়ে জাপান ও ভারতের চাওয়া একই। আমরা উভয়ে একটি স্বাধীন, মুক্ত ইন্দো-প্রশান্ত অঞ্চল চাই। এদিকে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এবারের সফরে প্রতিরক্ষা সহায়তা চুক্তির পাশাপাশি নতুন ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন তাকাইচি।
তাকাইচিকে ‘ছোট বোন’ বললেন মোদি : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তাকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল কূটনৈতিক প্রোটোকলই নয়, তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করে ভারত-জাপান বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই রাষ্ট্র নেতার এই রসায়ন এখন আন্তর্জাতিক মহলে আলোচনায়। গত বুধবার তাকাইচি ভারতে পৌঁছান।-রয়টার্স