পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। গতকাল এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার ধনা সার এলাকা ছেড়ে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রম করার পরপরই এ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ দুর্ঘটনায় ৪০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে। দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকর দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, বাসটি শুরুতে ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে রওনা হয়েছিল। জোব অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়। আহত আটজনকে জোব জেলার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সমাজমাধ্যম এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তাদের সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় পুরো জাতি শোকার্ত পরিবারগুলোর পাশে রয়েছে।’-ডন