দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে (৭৩) গ্রেপ্তার করেছেন দেশটির কর্তৃপক্ষ। গতকাল তাঁকে ঘুষ ও দুর্নীতি দমন কমিশন হেফাজতে নেয়। অভিযোগ রয়েছে, তিনি ২০০৬ সালে যোগ্যতা ছাড়াই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিথা রাজাপক্ষেকে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে অবৈধভাবে সহায়তা করেছিলেন।
২০০৯ সালে শ্রীলঙ্কায় কয়েক দশক ধরে চলা তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসানের সময় কারান্নাগোদা নৌবাহিনীর প্রধান ছিলেন। ২০১৯ সালে তাঁকে ফ্লিট অ্যাডমিরাল পদে উন্নীত করা হয়। বর্তমানে নৌবাহিনীতে তাঁর কোনো সক্রিয় দায়িত্ব নেই। ঘুষ ও দুর্নীতি দমন কমিশন (ব্রাইবেরি কমিশন) এক বিবৃতিতে বলেছে, যোশিথাকে নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রে ফ্লিট অ্যাডমিরাল দুর্নীতির অপরাধ করেছেন। কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগে ২০২৫ সালের মার্চে ব্রিটেন তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন তরুণকে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। ২০২১ সালের অক্টোবরে মাহিন্দা রাজাপক্ষের ছোট ভাই গোটাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকাকালে ওই অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতি ও আলোচিত অমীমাংসিত অপরাধ দমনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন পরে মামলাটি পুনরুজ্জীবিত করে। -এএফপি