নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী আবদুল গফুরের (৬০) বাড়ির দরজার সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের ইঙ্গিত থাকায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় আবদুল গফুর বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট দেখতে পান। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব রেখে যায়। চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় নাও পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচানোর মতো কেউ নেই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহভীরু হ।’ ভুক্তভোগী আবদুল গফুর, আবদুল বারিক ও প্রতিবেশীরা জানান, এমন অপ্রত্যাশিত ও ভয়ভীতিমূলক ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কে বা কারা এ কাজ করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।