রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না। এমনকি আগের অর্থবছরে পণ্য রপ্তানি থেকে যে আয় হয়েছিল এবার অর্জিত আয় তার চেয়েও কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থবছরে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে দশমিক ৫৮ শতাংশ কম। আর সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তার চেয়েও প্রায় ১৩ শতাংশ কম হয়েছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার। দেখা যাচ্ছে, লক্ষ্যের চেয়ে প্রায় ৭০০ কোটি ডলার রপ্তানি আয় কমেছে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। আগের অর্থবছরের চেয়েও রপ্তানি আয় কমে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ দেশের রপ্তানিমুখী শিল্পে নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক খাতের রপ্তানি কমে যায়। ইপিবির তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার আয় হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৯৩৪ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিলেন এ খাতের রপ্তানিকারকরা। অর্থাৎ, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাত থেকে আয় কমায় গত অর্থবছরে সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।