নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়াস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১ জুলাই) সকালে ফতল্লা দক্ষিণ সস্তাপুর এলাকার কর অফিসের উত্তর পাশে থাকা গোডাউনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ থেকে ৭টি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় পাশের একটি কাঠের দোকানের একপাশের টিন ও কিছু কাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ সকালে জুটের গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরমধ্যে আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনের ব্যাপকতা আরো বেড়ে যায়। এতে জুটের গোডাউন থেকে কাঠের মিলে ও চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুনের খবর পাওয়ার মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/এমএল