বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে তিন শিক্ষার্থীকে মারধর করেছে এক অভিভাবক। এ সময় শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের হুমকি দিয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহানগরীর কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত শিক্ষার্থীরা হলো-বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সানিম, অভি শীল ও শাহদাত হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আবু জাফরের ছেলে মাশরাফি একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুইদিন আগে মাশরাফির সাথে আহত তিন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে বুধবার ক্লাস চলাকালে আবু জাফর শ্রেণিকক্ষে ঢুকে লোহার রড দিয়ে তিন শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। শিক্ষকরা বাধা দিতে গেলে তাদেরও হুমকি দিয়েছে অভিভাবক আবু জাফর।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু অভিযুক্ত আবু জাফর পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই