নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৯ মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গী সোহান’কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় মঙ্গলবার (৩০ জুন) রাতে সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও গণধর্ষণসহ মোট ১৯টি মামলা রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের মধ্যে দায়ের হওয়া এসব মামলার অধিকাংশেই তিনি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি-সংক্রান্ত বিভিন্ন ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অস্ত্র আইনে মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে পুলিশ আশা করছে।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ