দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, তাহলে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এ লড়াইয়ে শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও প্রয়োজন।
বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব বলে জানান দুদক সচিব।
সভায় বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই