লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে চিকিৎসাধীন এক শিশু ও তার পরিবার। বুধবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে আসা আট মাস বয়সি শিশু তাসিনকে নেবুলাইজার মেশিনে শ্বাসপ্রশ্বাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে নেবুলাইজার মেশিনে আগুন ধরে যায়। আশপাশে থাকা রোগী ও স্বজনরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশু ও তার মাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের অভিযোগ আগুনের পরই অনেক নার্স-কর্মচারী ঘটনাস্থল ত্যাগ করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দ্বিতীয় তলার পুরুষ ও নারী ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৈদ্যুতিক লাইনসহ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে।