ভোলার দৌলতখান উপজেলায় পুকুর থেকে আবু শাহাদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়রা বলছেন, তাকে হত্যা করা হয়েছে। গতকাল সকালে শাহাদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। লাশ উদ্ধারের পর থেকে পুকুরের মালিক এবং মাছচাষি পলাতক রয়েছেন। গত শুক্রবার দৌলতখান উপজেলার রুহুল আমিন মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদ ওই এলাকার মোসলেউদ্দিনের ছেলে। শিশুর মা কহিনুর বেগম জানান, তার ছেলে পুকুরে খেলছিল। তখন রাকিব তাকে ধাওয়া দেয়। পরে ছেলেকে মৃত অবস্থায় পুকুরে পাওয়া যায়। তার মুখে সদ্য আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে শিশুরা যখন পুকুরে খেলছিল তখন ওপর থেকে ইট ছুড়ে মারা হয়েছে।