রাজশাহীতে স্কুলশিক্ষক রেজাউল করিমকে হত্যার অভিযোগে ছেলে রাকিব উর রহমানকে (২২) আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আসামিকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমার মেহেরচণ্ডী দক্ষিণপাড়ায় বসবাস করতেন। আসামি রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২২ জুন সকালে রাকিব তার বাবা রেজাউলের কাছে চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার জন্য টাকা চায়। টাকা দেওয়া নিয়ে রেজাউল ও তার স্ত্রী আঞ্জুরা বেগমের বাগবিতণ্ডা হয়। কপর্যায়ে রেজাউল তার স্ত্রীকে মারধর করতে থাকলে রাকিব বাঁশের মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করে।
আহত অবস্থায় রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেজাউলের স্ত্রী বাদী হয়ে ছেলেকে আসামি করে মামলা করেন। এরই ধারাবাহিকতায় তাকে আটক করে র্যাব।