বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ছাত্রদল নেতার বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার দাড়িয়াল সোনারপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। নারীসহ চারজন আহত হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নুনগোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব হোসেন সাগর, তার বাবা আবদুল হান্নান, চাচা আবদুল মান্নান ও স্বপ্না খাতুন। অভিযুক্ত মানিক মিয়া বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।
জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় রবিবার সকাল থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদল নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে মানিক মিয়াসহ তার লোকজন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন জানান, বসতবাড়ির পানির ড্রেনেজ নিয়ে পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, হামলার বিষয়টি শুনেছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।