জয়পুরহাটে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী শ্রী রাজকুমারকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়ায় গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের বড় বোন সাধনার দাবি, তাঁর ভগ্নিপতি রাজকুমার একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জেরে বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন রাজকুমারের বাবা শ্রী বাবুল। তাঁর দাবি, স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি হলেও তাকে হত্যা করা হয়নি। সে আত্মহত্যা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।