গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রশিদ শেখ (৫২) নামের এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রশিদ শেখ ওই এলাকার মোজল হক শেখের ছেলে। রশিদ পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে। তিনি প্রায় দুই বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব ও স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জনক আব্দুর রশিদ প্রায় দুই বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হতেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ও পরিবারের লোকজন এলাকার ফেডারেশন ক্লাবের পাশে আব্দুর রশিদকে একটি গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে, আব্দুর রশিদ আত্মহত্যা করেছেন। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি