চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নূর নবীর ছেলে। তিনি প্রায় পাঁচ বছর ধরে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি ভাঙারি সংগ্রহের কাজ করতেন।
মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- গোহালবাড়ি গ্রামের ইমরান হোসেন, তার ছেলে নুরুল হক ও রাজিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের ইমরান হোসেনের গোয়ালঘরে এক ব্যক্তি প্রবেশ করে গরু চুরির চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফিরোজ আলীকে আটক করেন। পরে তাকে গরুচোর সন্দেহে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এমএল