ঝিনাইদেহের শৈলকুপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য গঠনে পরিবার ও সমাজের ভূমিকা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ শৈলকুপা শাখা।
কর্মশালায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রুবেল, শৈলকুপা উপজেলা শাখার আহ্বায়ক ইব্রাহীম খলিল, যুগ্ম-আহ্বায়ক দীপক কুমার বিশ্বাস এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন পাঞ্জু।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে তরুণরা নানা চাপের মুখে পড়ে—যেমন পড়াশোনা, সামাজিক তুলনা, পারিবারিক সমস্যা ও অনলাইন জীবনের প্রভাব। পরিবার তাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি। উষ্ণতা, সহমর্মিতা ও খোলামেলা যোগাযোগ কিশোর-কিশোরীদের মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে।
বক্তারা আরও উল্লেখ করেন, পরিবার ও সমাজের পর্যাপ্ত পরিচর্যা না পাওয়ায় কিশোর-কিশোরীরা বিপথগামী হচ্ছে, মোবাইল গেম ও মাদকের প্রতি আসক্ত হচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সকল স্তরের মানুষদের একত্রিতভাবে তাদের সঠিক মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে।
কর্মশালায় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল