বরগুনার আমতলী উপজেলার চাওড়া লোদা গ্রামের মুন্সিবাড়ির পাশে আগাম রবি শস্যে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। আলোচনায় আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক সার ও বীজ নির্বাচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন ও কার্যকরী সদস্য রিপন মুন্সি। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. আল আমিন (বাবু)।
বক্তারা বলেন, অতিরিক্ত সার ও কীটনাশক সাময়িক ফলন বাড়ালেও দীর্ঘমেয়াদে জমির উর্বরতা নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় এবং উৎপাদন খরচ বেড়ে যায়।
রিপন মুন্সি উল্লেখ করেন, জৈব সার, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা ও সমন্বিত পোকা দমন কৌশল ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়।
কৃষকরা বলেন, সঠিক পরামর্শ পেলে অপ্রয়োজনীয় সার ব্যবহার বন্ধ করা সম্ভব, ভেজাল বীজ ও কীটনাশকের বিরুদ্ধে নজরদারি বাড়ানো দরকার, ন্যায্যদাম না পেলে টেকসই কৃষি বাস্তবায়ন কঠিন এবং জলবায়ু পরিবর্তনের কারণে আগাম পূর্বাভাস প্রয়োজন।
বক্তারা সমাপ্তিতে বলেন, সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও সরকারি তদারকি থাকলে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের প্রবণতা কমবে এবং টেকসই কৃষির পথ সুগম হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল