বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী বছরের কর্মতৎপরতা সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কার্জন হল মাঠে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন ও সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী দাসসহ শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে আব্দুল মমিন বলেন, বসুন্ধরা শুভসংঘকে একটি মানবিক ও সৃজনশীল তরুণ সমাজ গঠনের প্ল্যাটফর্মে পরিণত করতে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন জানান, আগামী বছরের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি ও বই বিতরণ কার্যক্রম, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, রক্তদাতাদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ, অসহায় শিক্ষার্থীদের মানবিক সহায়তা, সাংস্কৃতিক ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন।
বিডি-প্রতিদিন/তানিয়া