বগুড়ার কাহালুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তামিম হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. খোকনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (১৮)। তারা দুজনেই পেশায় ফ্রিজমিস্ত্রি ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে তামিম ও শামীম বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে ফ্রিজ মেরামতের কাজের উদ্দেশ্যে কাহালু বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তামিম। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি