গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাক ও বাসের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় আগে থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৫ টার দিকে রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পেছনে থাকা অপর একটি ট্রাক ওই যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসে থাকা যাত্রী এবং চালকরা আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুর্ঘটনার ধরন বেশ ভয়াবহ হলেও কোনো প্রাণহানি হয়নি।
বিডিপ্রতিদিন/কেকে