বরগুনার আমতলী উপজেলার এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) দুপুরে বিদ্যালয় মাঠে আগুন দিয়ে দীর্ঘদিনের পুরনো ও নতুন বইসহ বিভিন্ন আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রায় ২০ বছরের পুরোনো বই ও বিভিন্ন সামগ্রী একটি ভবনে সংরক্ষিত ছিল। প্রধান শিক্ষক কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রশাসন ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অজান্তে এসব আগুনে পুড়িয়ে দেন। এ সময় পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় শিক্ষার্থী লামিয়া ও জান্নাতি অভিযোগ করে বলেন, অনেক নতুন ও পুরনো বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক দাবি করেন, দুর্নীতির অভিযোগ আড়াল করতেই এসব গুরুত্বপূর্ণ নথি ও বই পুড়িয়ে ফেলা হয়েছে।
অন্যদিকে প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পুরোনো বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, নতুন কোনো বই পোড়ানো হয়নি।
তিনি বই পোড়ানোর বিষয়ে প্রশাসনের অনুমতি ছিল কিনা- এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম বলেন, বিষয়টি সম্পর্কে শিক্ষা অফিসকে আগে অবহিত করা হয়নি।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ