ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভায় আস্থা ভোটে বড় জয় পেয়েছে তামিলাগা ভেট্টি কাজগমের (টিভিকে) দলনেতা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরণ জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের নবগঠিত সরকার। সুপারস্টার অভিনেতা থেকে রাজনীতিকে পরিণত হওয়া বিজয় গত মাসের বিধানসভা নির্বাচনে তাঁর দল টিভিকে জয়ী করে তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তোলেন। গতকাল রাজ্যটির বিধানসভার ভোটাভুটিতে বিজয়ের সরকারের পক্ষে সমর্থন দেন ১৪৪ জন বিধায়ক, বিপক্ষে ভোট দেন ২২ জন আর ভোটদানে বিরত ছিলেন পাঁচজন। আস্থা ভোটের তরি পার হওয়ার জন্য বিজয়ের দরকার ছিল ১১৮ বিধায়কের সমর্থন, তার চেয়ে অনেক বেশি পেয়ে জয়ী হলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ভোটের আগে বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (ডিএমকে) ৫৯ জন বিধায়ক। আর বিধানসভায় তৃতীয় স্থানে থাকা আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এডিএমকে) দল ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দলনেতা ইকে পলানী স্বামীর নির্দেশ সত্ত্বেও সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দল এডিএমকের ২৫ জন ‘বিদ্রোহী’ বিধায়ক বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে অটল থেকে তার নেতৃত্বাধীন সরকারের পক্ষে সমর্থন জানান।-রয়টার্স
পর্যবেক্ষক মহলের ধারণা, ২৫ বিধায়কের এমন পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে এডিএমকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়তে পারে।
ভোটের ফল ঘোষণার পর বিজয় বলেন, ‘বাঁশি (টিভিকের নির্বাচনি প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা আমাদের সংখ্যালঘু সরকার বলব। এ সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’ টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়করা সবাই আস্থা ভোটে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন।