ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুলাহপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত ৯টার দিকে আবদুলাহপুরের করেরগাঁও এলাকায় অবস্থিত সিসা কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি এবং পুরোনো লোহার বর্জ্য গলানো হতো। বর্জ্য গলানোর সময় এতে ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হয় স্থানীয় মানুষের। দূষিত হয় চারপাশের পরিবেশ, নষ্ট হয় ফসল ও জমি। পাশাপাশি এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকে। শুধু তাই-ই নয়, সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়ছে গবাদি পশু। অভিযান পরিচালনা করে সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’