গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় রফিক মিয়া (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
রবিবার (৭ জুন) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৫টার দিকে ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার ধাপেরহাট এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে চালক চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অন্য একটি যানবাহনের পেছনে ধাক্কা দেয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
বিডিপ্রতিদিন/কেকে