ছবি ক্লাস ফাইভে পড়ে। খুব চালাকচতুর সে। কথায় কথায় জিজ্ঞেস করে এটা কী, ওটা কী। অনেক সময় মা বিরক্ত হলেও বাবা একদমই বিরক্ত হন না। বাবা ছবির সব কথার উত্তর দেন। আজ তার স্কুলে বাড়ির কাজে রচনা শিখতে বলেছে, নাম ছবির মতো দেশ। সে তখন বাবাকে বলে, বাবা! জান- আমার মতো দেশ হয় নাকি?
বাবা প্রথমে তার কথা বুঝতে পারেননি। ছবি বুঝিয়ে বললে, বাবা হা হা করে হাসেন।
তখন বাবা তাকে বললেন, চল টেবিলে যাই, তাহলে তোমাকে পড়াতে সুবিধা হবে। তখন তারা টেবিল গিয়ে বসল। বাবা বললেন, স্কুল বন্ধ হলে আমরা গেল বছর বান্দরবান গিয়েছিলাম না?
জি বাবা।
ওখানে তোমার কেমন লেগেছিল?
অনেক ভালো লেগেছিল।
ওইখানে আমরা পাহাড় থেকে আকাশ কত কাছ থেকে দেখেছি তাইনা?
হুম ঠিক তাই।
আমরা চান্দের গাড়ি করে উঁচু উঁচু পাহাড়ে উঠেছিলাম।
হুমম।
তা দেখে তুমি অবাক হয়ে গিয়েছিলে।
হুমম।
তেমনই সুন্দর আমাদের দেশ। আমাদের দেশের সব জায়গা।
আমরা বাঙালি বাংলাদেশি। বাংলাদেশের এমন অনেক জায়গা আছে তা দেখতে একদম ছবির মতো।
ওহ আচ্ছা।
হুমম মামনি।
এই যে যা দেখেছ তা তুমি রচনায় লিখবে। জি বাবা আমি তো স্কুলে গল্পও করেছি এ বান্দরবান নিয়ে।
হুমম যা গল্প করেছ তাই সুন্দর করে লিখবে। আমাদের দেশ আসলে অনেক অনেক সুন্দর। জানো এক জীবনে আমাদের পুরো দেশ ঘোরার সময় তুমি পাবেও না। এত্ত এত্ত সুন্দর জায়গা আমাদের দেশে আছে। আগামী বন্ধে আমরা সাজেক যাব।
এটা কোথায় বাবা?
এটা খাগড়াছড়ি গেলেই বুঝতে পারবে কী সুন্দর। তাই তো বলে ছবির মতো দেশ। জানো বাবা এ তো আমার নামে।
হুমম, ছবির মানে হলো দৃশ্য দেশ ত দেশই। আর তা হলো ছবির মতো দেশ।
তুমি যা যা দেখেছ, যা যা খেয়েছ, তোমার ভাবনা দিয়ে তা সুন্দর করে সাজিয়ে তুলবে তোমার লেখনী দিয়ে। ছবি বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার রুমে চলে গেল। খানিক বাদে সে রচনা শেষ করে বাবার কাছে এলো। বাবাকে বলে, দেখ বাবা আমি রচনা শেষ করেছি। বাবা চা খেতে খেতে খাতাটা হাতে নিলেন। অল্প কিছু পড়তে পড়তে একটা জায়গায় বাবা থমকে গেলেন। সেখানে লেখা ছিল। জরি খুব ভালো মেয়ে। সে ফুল বিক্রি করে। আমার বয়সি। দেখতে অনেক সুন্দর। তাকে বলেছি-তুমি এসব বিক্রি করো তোমার কষ্ট হয় না?
সে বলে, না আমার কষ্ট হয় না। আমার খুব ভালো লাগে। অনেকে বেড়াতে আসে এখানে। তারা আমার কাছ থেকে ফুল কিনে। আমাকে আদর করে চকলেটও কিনে দেয়। নানান জায়গা থেকে নানান মানুষ আসে এ বান্দরবানে। আমি তাদের সঙ্গে কথা বলি। তারাও বলে। তারা আমার এ জায়গা নিয়ে অনেক প্রশংসা করে। আমার খুব গর্ব হয়। আমাদের এ জায়গা অনেক সুন্দর। তার কথা শুনে আমারও অনেক ভালো লেগেছে, তাই আমি তার কাছ থেকে সব ফুল কিনে নিই আমার টিফিনের কিছু টাকা দিয়ে। আমিও দেখেছি সত্যি সুন্দর। এ জায়গা এ দেশ অনেক অনেক সুন্দর। ছবির মতো দেশ। বাবা তার রচনা পড়ে তাকে খুব বাহবা দিলেন। ছবিও খুব খুশি হয়ে গেল।