আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।
রবিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা (লকিং) কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন এবং জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চালু হওয়া আউট কান্ট্রি ভোটিং (ওসিবি) ও ইন কান্ট্রি পোস্টাল ব্যালট (আইসিপিবি) পদ্ধতিতে ভোটগ্রহণের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচতলায় চারটি এবং দ্বিতীয়তলায় একটি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৭০ জন। এসব ভোট সংরক্ষণের জন্য মোট ৪৬টি ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, প্রবাসীরা দেশে প্রথমবারের মতো ওসিবি ও আইসিপিবি পদ্ধতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ডাক বিভাগের মাধ্যমে আসা পোস্টাল ব্যালটের খাম বারকোড স্ক্যানারের মাধ্যমে যাচাই করে নির্ধারিত ব্যালট বাক্সে সংরক্ষণ করা হবে। প্রতিটি ব্যালট বাক্সে সর্বোচ্চ ৪০০ ভোটারের ব্যালট রাখার ব্যবস্থা রয়েছে।
তিনি আরও জানান, জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্ধারিত লক ও সিল দিয়ে ব্যালট বাক্সগুলো বন্ধ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে এসব বাক্স খোলা হবে এবং ভোট গণনা করা হবে।
বিডি-প্রতিদিন/সুজন