নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহাম্মদ নওফল আরশাদ জমির লিখিত ব্যাখ্যা জমা দেন। একই দিন বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নোটিশে উত্থাপিত অভিযোগসমূহ প্রার্থীর দৃষ্টিগোচর হয়েছে; তবে অভিযোগগুলো বাস্তব ঘটনা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনোভাবেই বিএনপি প্রার্থীর মাধ্যমে আইন, বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘিত হয়নি। তিনি সর্বদা প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করেছেন। তার কোনো কার্যক্রম অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বা বেআইনি ছিল না বলেও দাবি করা হয়। অভিযোগগুলো ভুল বোঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযানের সময় কর্মীদের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, সেখানে কোন বিধিমালা কীভাবে লঙ্ঘিত হয়েছে—তা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। নোটিশে বিএনপি প্রার্থীর ফেস্টুন অপসারণের কথা বলা হলেও বাস্তবে নির্বাচনী প্রচারণায় কোনো ফেস্টুন ব্যবহার করা হয়নি। যেগুলোকে ফেস্টুন বলা হয়েছে, সেগুলো প্রকৃতপক্ষে ব্যানার। ফেস্টুন ও ব্যানারের পার্থক্য যথাযথভাবে অনুধাবন করা হয়নি বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মো. সাহেব আলী গত ২২ জানুয়ারি রাত ১০টা ১১ মিনিটে রিটার্নিং অফিসারের দপ্তরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় স্বশরীরে ১০ দলীয় নির্বাচনী জোটের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেন। অভিযোগটি গ্রহণ করা হলেও সংশ্লিষ্ট জোট প্রার্থীর বিরুদ্ধে সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয় এবং রাত পর্যন্ত তোরণগুলো অক্ষত ছিল বলেও দাবি করা হয়। সবশেষে লিখিত ব্যাখ্যা ও সংযুক্ত প্রমাণাদি বিবেচনায় এনে আনীত অভিযোগ থেকে বিএনপি প্রার্থীকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল