বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী শেখ হানিফ।
শেখ হানিফ বলেন, ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন— মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজন নয়।
তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।
ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রতুশ্রুতি দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত-এর নির্দেশনায় ও জেলা সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের আপেল প্রতীকের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/এমই