গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।’
তিনি বলেন, ‘আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি, সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।’
গতকাল রবিবার রাতে মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামের যুব সংঘের আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে পদাবলি কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যার সমাধান ও রাস্তা-ঘাটের উন্নয়ন করব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।’
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী দিগনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, জলিলপাড় ইউনিয়নের ইউপি সদস্য সুমন মণ্ডলসহ অনেকে।
বিডি-প্রতিদিন/এমই