আসন্ন সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ‘মাথাল’ প্রতীকের বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
সোমবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় জোনায়েদ সাকি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মাধ্যমে যে নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তা আমরা ভুলিনি। ফ্যাসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি তার সন্তানকেও হারিয়েছেন। এসব ত্যাগ আমাদের চলার পথের দিকনির্দেশনা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে ন্যায়-নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি পলাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাঈদ।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই