উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয় করতে সিলেটে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তারা।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাওয়ে উঠান বৈঠক করেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করা হবে। স্কুলে শিক্ষার্থীদের টিফিনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সরকারি সহায়তায় সিলেটে শিল্প কারখানা গড়ে তুলে বেকারত্বের দূর করা হবে বলেও জানান তিনি।
একই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়নে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি, গ্যাস, বিদ্যুৎ সরবাহ ও নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি দেন মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া ঢাকা-সিলেট যোগাযোগের উন্নয়নে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরেন।
অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভায় নির্বাচিত হলে তিনি প্রবাসীদের সম্পদ রক্ষায় জীবন বাজি রেখে চেষ্টা করবেন। এছাড়া সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে ছয় মাসের মধ্যে সিলেটকে চাঁদাবাজি, দুর্নীতি ও যানজটমুক্ত করার হবেও জানান তিনি।
অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, দেশজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে এবং ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
বিডি প্রতিদিন/কামাল