নরসিংদীতে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার সকাল থেকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
খায়রুল কবির খোকন বলেন, দেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে রাষ্ট্রকে রক্ষা করার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করা হবে এবং বিরোধী দলের ওপর কোনো ধরনের নিপীড়ন চালানো হবে না।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর পাঁচটি আসনেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করছেন, মতবিনিময় করছেন এবং সমর্থন চাইছেন।
বিডি-প্রতিদিন/সুজন