কুষ্টিয়া-৩ (সদর) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন তার চীনা স্ত্রী ওয়াং লিনা। নির্বাচনী প্রচারণায় স্বামীর সঙ্গে তিনি নিয়মিত মুখ হয়ে উঠেছেন।
স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ গ্রহণের সময় বাংলা এবং চায়না ভাষার মিশেলে স্বামীর পক্ষে ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তৃতাও দিচ্ছেন লিনা। তাকে প্রচারণায় এমন সরব দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।
গতকাল মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে নিজেই পোষ্ট করেছেন জাকির হোসেন সরকার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো কালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়া লক্ষ্মী নারী।’
৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে চীনা বংশোদ্ভূত ওয়াং লিনাকে ভাঙা বাংলায় বলতে শোনা যায়, আমার হাজবেন্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে আর সমস্যা নাই। আপনারা সবাই আমার হাসবেন্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন।
বিডি প্রতিদিন/নাজমুল