ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোস্তফা কামাল, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রার্থীরা জানান, নির্বাচনের সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও কার্যকর আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন প্রার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী ও সমর্থকদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।
এদিকে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এখানে মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন।
বিডি প্রতিদিন/কেএ