বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর ও শিবালয়ের নদীভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর।
বুধবার সন্ধায় দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সব শ্রেণি-পেশার মানুষ তার অধিকার ফিরে পাবে। চরাঞ্চলের উন্নয়ন করতে হলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
এস এ জিন্নাহ কবীর বলেন, যারা মানুষের সরলতার সুযোগ নিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছেন তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। তারা মানুষকে ধোঁকা দিচ্ছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধোঁকাবাজদের রুখে দিতে হবে।
বাচামারা ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
বিডি-প্রতিদিন/এমই