দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও মাদকের রাজনীতির অবসান ঘটাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং ‘মায়ের ডাক’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, ঢাকা-১৪ আসনের মানুষকে আর জিম্মি করে রাখা যাবে না। চাঁদাবাজ-দখলদারের সাথে কোনো আপস নয়। জনগণের সম্পদ, ব্যবসা, জমি বা রাস্তা দখল করে যারা ভয় দেখায়, চাঁদা তোলে-তাদের বিরুদ্ধে আমার অবস্থান কঠোর। দখল-চাঁদাবাজির নেটওয়ার্ক ভাঙতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুর ১২টার দিকে উত্তর পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর ও বটতলা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে সানজিদা ইসলাম তুলি এসব কথা বলেন।
বিএনপির মনোনীত প্রার্থী বলেন, এই আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের কাছে জিম্মি হয়ে আছে। বাজার, ফুটপাত, পরিবহন, নির্মাণ কাজ থেকে শুরু করে ছোট দোকানদার পর্যন্ত চাঁদার বোঝা বহন করছে।
তিনি অভিযোগ করেন, একটি সংগঠিত সিন্ডিকেট রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নিচ্ছে। এ অবস্থা চলতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে এই দখলদার চক্র ভাঙতেই হবে।
তুলি জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক, অন্য দলের হোক-অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতির রাজনীতি করি না, বাস্তব কাজ করতে চাই। জনগণের সঙ্গে থেকেই সমস্যার সমাধান করবো।
বিডি প্রতিদিন/এমআই