জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বলেছেন, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত রয়েছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
পুলিশ সুপার বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সম্মানিত ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচন সম্পন্ন হবে।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশনসহ জেলা পর্যায়ের সকল ইমাম, সরকারি ও বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি