নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহামুদাবাত গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ সরকার। সঞ্চালনা করেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মোঃ তারিকুল ইসলাম।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম জাকির, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (মাসুম মেম্বার), রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একেবাবু এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপন, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব ও হিমেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বন্দী অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
বক্তারা জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে বিজয়ী করার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন